জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনসংক্রান্ত ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির দুই প্রভাবশালী নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও নজরুল ইসলাম খান বলেছেন, ড. ইউনূস তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সময় সংবাদের সঙ্গে প্রতিক্রিয়ায় তারা বলেন, “প্রধান উপদেষ্টা তার দেওয়া কথা রেখেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা চাই, এ ঘোষণার আলোকে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।”
এর আগে ড. ইউনূস তার ভাষণে বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর এগিয়েছি। দেশে শান্তি-শৃঙ্খলা ফিরেছে, অর্থনীতি হয়েছে গতিশীল, রাজনৈতিক সংকট অনেকটাই কাটিয়ে উঠেছি।”
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠানো হবে, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

