সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, তাজা ও ফাঁকা গুলি, এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মোংলা কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন পাইকগাছা থানার বাসিন্দা মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে বাহিনীর সদস্যরা অভিযান চালান। ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুই সহযোগীকে আটক করা হয়।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র সরবরাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

