বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই, অন্তর্বর্তী সরকার নয় — ড. আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি সহায়ক কাঠামো মাত্র, মূল নেতৃত্ব ও সিদ্ধান্তের দায় রাজনীতিবিদদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেন, “বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার না। এজন্যই একে অন্তর্বর্তী সরকার বলা হয়।”

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ড. রীয়াজ বলেন, “সাংবাদিকদের মাঝে মাঝে বলি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন—আপনি কি সাংবাদিক না রাজনীতিবিদ? গত বছর জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রীর ডাকা এক বৈঠকে যারা গিয়েছিলেন, তারা কি সাংবাদিকতার প্রতিনিধিত্ব করেছিলেন, নাকি অন্য কিছুর?”

তিনি বলেন, “স্বাধীন গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য, কিন্তু যখন তা ব্যবসার ঢাল হয়, তখন প্রশ্ন উঠবেই।”

সাংবাদিক সংগঠনগুলোর দলীয় বিভাজনের সমালোচনা করে ড. আলী রীয়াজ বলেন, “বিএফইউজে, ডিইউজে—সবই বিভক্ত। এভাবে পেশাগত স্বার্থ রক্ষা সম্ভব নয়। গত ১৬ বছরের সাংবাদিক নিপীড়নের একটি স্বচ্ছ পর্যালোচনা এখনো তৈরি হয়নি।”

তিনি আরও বলেন, “আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা, তবে সেটির রক্ষণাবেক্ষণ শুধু চাওয়া দিয়ে সম্ভব নয়, দায়িত্বও নিতে হবে।”

গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপটে সহিংসতা প্রসঙ্গে ড. রীয়াজ বলেন, “বিশ্বজুড়ে কর্তৃত্ববাদ থেকে গণতন্ত্রে যাওয়ার পথে সংঘাত ঘটে। বাংলাদেশেও কিছু প্রতিফলন দেখা যাচ্ছে, যদিও এখানে বড় ধরনের সহিংসতা হয়নি।”

তিনি আরও বলেন, “সরকার চেষ্টা করেছে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে, তবে আরও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া যেত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, গবেষক আসিফ বিন আলী প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন