রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

একাদশে ভর্তির ৮ দিনে সাড়ে ৮ লাখেরও বেশি আবেদন, চলবে আরও ৫ দিন

ডেস্ক রিপোর্ট।।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের প্রথম ধাপ চলছে। আবেদনের পঞ্চম দিনে (বুধবার) দুপুর ২টা পর্যন্ত ৮ লাখ ৬২ হাজার ১৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রথম ধাপে আবেদন গ্রহণ চলবে ১১ আগস্ট পর্যন্ত। এখনও বাকি পাঁচদিন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বোর্ডের অধীন কলেজগুলোতে, সংখ্যা প্রায় ১ লাখ ৯৩ হাজার ৪৬৩ জন।

অন্যদিকে, মাদরাসা বোর্ডে আবেদন করেছেন ১ লাখ ১২ হাজার ৩৬৭ শিক্ষার্থী।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। অথচ সারাদেশে একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতিপ্রাপ্ত কলেজ ও মাদরাসার সংখ্যা ৯,১৮১টি, যেখানে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২২ লাখ।

এর সঙ্গে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ২ লাখ ৪১ হাজার এবং কারিগরি বোর্ডের অধীনে আরও ৯ লাখ আসন রয়েছে। সব মিলিয়ে মোট আসনের সংখ্যা দাঁড়ায় ৩৩ লাখেরও বেশি।

শিক্ষা পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ও শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, সকল পাসকৃত শিক্ষার্থী ভর্তি হলেও, ২০ লাখের বেশি আসন শূন্য থেকে যাবে।

প্রথম ধাপে আবেদন শেষে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। পরে নির্বাচিত তালিকা প্রকাশ ও কলেজে ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন