বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঢাকায় বাইরের বাস প্রবেশ নিয়ন্ত্রণে ৮ লেনের বেড়িবাঁধ সড়ক প্রকল্প : ডিএসসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা শহরের যানজট ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাজধানীর বেড়িবাঁধ সড়ককে ৮ লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। বুধবার (৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান প্রশাসক মো. শাহজাহান মিয়া।

তিনি বলেন, “দক্ষিণ ও উত্তরবঙ্গগামী বাস যেন রাজধানীর অভ্যন্তরে প্রবেশ না করে, সে লক্ষ্যে আট লেনের ইনার রিং রোড নির্মাণ করা হচ্ছে। বর্তমানে প্রকল্পের ৩০ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে এবং আগামী বছরের জুনের মধ্যেই কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।”

প্রশাসক আরও জানান, পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার বাস রাজধানীর ওপর দিয়ে উত্তরবঙ্গে যাতায়াত করছে, যা নগরীর অভ্যন্তরে বাড়তি চাপ সৃষ্টি করছে। ৮ লেনের বেড়িবাঁধ সড়ক চালু হলে এই রুট ব্যবহার করে বাসগুলো ঢাকার বাইরের সড়কেই যাতায়াত করতে পারবে।

প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “শহরের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিজাইন অনুযায়ী ই-রিকশা চালু করা হচ্ছে, যা প্রাথমিকভাবে ধানমন্ডি ও পল্টনে চলবে। ভবিষ্যতে এটি দক্ষিণ সিটির সব এলাকায় চালু হবে।”

সড়কের গর্ত ও ভাঙাচোরা স্থানে মেরামতের জন্য উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রশাসক। তিনি বলেন, “সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে যাতে দ্রুত ও টেকসই মেরামত নিশ্চিত করা যায়।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন