বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

একজন ফিলিস্তিনিকে হত্যায় ইসরায়েলের ব্যয় ১৮ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট।।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার ওপর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। থামার কোনো লক্ষণ নেই। অথচ প্রতিটি দিন যেন শুধুই মৃত্যু আর ধ্বংসের নতুন হিসাব যোগ করছে। আর এর পেছনে খরচ হচ্ছে বিপুল অর্থ।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ জানিয়েছেন, চলমান যুদ্ধের জন্য এখন পর্যন্ত দেশটির খরচ দাঁড়িয়েছে ৩০০ বিলিয়ন শেকেল, যা প্রায় ৮৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল ব্যয়ের পেছনে রয়েছে ৬১ হাজার ফিলিস্তিনির প্রাণহানি, যা একেকজনের পেছনে গড়ে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ের ইঙ্গিত দেয়।

যুদ্ধের মানবিক ও নৈতিক দিক নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলেও অর্থনৈতিক দিকটিও ক্রমশ গুরুত্ব পাচ্ছে। ইসরায়েলের সামরিক খরচ বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতি ফিলিস্তিনির প্রাণহানি ইসরায়েলি অর্থনীতিতে যুক্ত করছে একেকটি বিশাল ব্যয়ের কলাম।

বাংলাদেশি মুদ্রায় এই যুদ্ধের মোট ব্যয় দাঁড়ায় প্রায় ১০,৬৪,৮১২ কোটি টাকা — যা বাংলাদেশের বার্ষিক বাজেটের একটি বড় অংশের সমান।

বুধবার (৬ আগস্ট) ইসরায়েলি অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেন,

“হামাস কিংবা আন্তর্জাতিক চাপ আমাদের থামাতে পারবে না। আমরা পূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ইসরায়েলি অভ্যন্তরেও একমত নয় অনেকেই। সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তা, এবং গাজায় বন্দি থাকা ইসরায়েলিদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তবু নেতানিয়াহুর সরকার সরে আসছে না আগ্রাসনের পথ থেকে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন