প্রাথমিকস্তরে মেধাবৃত্তির আওতায় এবার যুক্ত হচ্ছে দেশের সব ইবতেদায়ি মাদরাসা। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চলতি বছর থেকে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ডিসেম্বর মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ। শুধুমাত্র বোর্ড-স্বীকৃত (কোডধারী) স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এবং সংযুক্ত শাখার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে।
৫ বিষয়ের ওপর পরীক্ষা, মোট নম্বর ৫০০
২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় থাকছে ৫টি বিষয়—
-
কোরআন মাজিদ ও আকাইদ-ফিকহ
-
আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র)
-
বাংলা
-
ইংরেজি
-
গণিত ও বিজ্ঞান
কোরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (১ম ও ২য় পত্র), এবং গণিত ও বিজ্ঞান একত্রে নেওয়া হবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ থাকবে ১০০ নম্বর, মোট নম্বর ৫০০।
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত সিলেবাস ও মানবণ্টন খুব শিগগিরই প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও এতে যুক্ত থাকবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মেধাবৃত্তির মাধ্যমে ইবতেদায়ি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং তারা ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবে।”
উল্লেখ্য, এর আগে ১৭ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষারও তারিখ জানানো হয়। প্রাথমিক ও ইবতেদায়ি— উভয় শিক্ষাপদ্ধতির বৃত্তি পরীক্ষা একই সময়সূচিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
১৬ বছর পর পুনরায় চালু হওয়া এই মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাসিক বৃত্তি সুবিধা ছাড়াও মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।

