বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টয়লেটের ফ্লাশ নষ্ট, এক ঘণ্টা আকাশে উড়ে ঢাকায় ফিরলো বিমান

ডেস্ক রিপোর্ট।।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী ফ্লাইট বিজি-৩২৭ বৃহস্পতিবার দিবাগত রাত আকাশে প্রায় এক ঘণ্টা ওড়ার পর আবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। কারণ? উড়োজাহাজটির তিনটি টয়লেটই কাজ করছিল না।

বিমান কর্তৃপক্ষ জানায়, মাঝআকাশে যাত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। রাত ১টা ৩১ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

পরিস্থিতি সামাল দিতে রাত ৩টা ৩৮ মিনিটে বিকল্প একটি উড়োজাহাজে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়। তবে এই বিকল্প উড়োজাহাজটি আগে থেকেই ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল, ফলে ব্যাংকক ফ্লাইট নির্ধারিত সময়ের বদলে বিকেল ৫টা ৩০ মিনিটে ছাড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, “ফেরত আসা উড়োজাহাজের ত্রুটি দ্রুত ঠিক করে ফেলা হয়েছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটিও আজ বিকেলে পরিচালিত হয়েছে।”

এই নিয়ে চলতি মাসে একই ধরনের আরও দুটি ঘটনার সম্মুখীন হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৬ আগস্ট ব্যাংককগামী একটি ফ্লাইটে ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের কারণে সেটিও উড্ডয়নের এক ঘণ্টা পর ফিরে আসে। তারও আগে ২৮ জুলাই দাম্মামগামী একটি বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ মাঝআকাশ থেকে ফিরে এসেছিল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন