গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, “প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এই বর্বরতার পরও রাষ্ট্র এখনও নিশ্চুপ। আমরা বিচার চাইবো কার কাছে?”
তাদের অভিযোগ, সাংবাদিক তুহিনের মতো নির্মম হত্যাকাণ্ডের পরও রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজের প্রতিক্রিয়া সীমিত। তারা প্রশ্ন তোলেন, “একজন সাংবাদিক মারা গেছেন, কয়টি দল প্রতিবাদ করেছে? কয়জন পাশে দাঁড়িয়েছে পরিবারটির?”
শাহরিয়ার নাঈম, দৈনিক যায়যায়দিন-এর সাংবাদিক বলেন, “তুহিনের মরদেহ দেখার মতো শক্তি আমাদের নেই। এত নৃশংসভাবে কেউ মারা যেতে পারে, তা কল্পনা করিনি। এ হত্যাকারীদের ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না।”
সাংবাদিক প্রশান্ত কুমার দাস বলেন, “সাগর-রুনি, নাদিম হত্যার বিচার হয়নি। তুহিনের ঘটনাতেও আমরা আশঙ্কিত—এটিও কি একইভাবে ধামাচাপা পড়ে যাবে?”
তিনি রাষ্ট্রের উদ্দেশে বলেন, “মিডিয়াকে যদি বন্ধ করতে চান, জেনে রাখুন—চতুর্থ স্তম্ভ ভেঙে গেলে রাষ্ট্রের ভিতও ধসে পড়বে।”
বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্যে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানান।

