সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ঢাবির আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকছে: মধ্যরাতে উপাচার্যের ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন তিনি।

উপাচার্য বলেন, “২০২৪ সালের ১৭ জুলাই যে সিদ্ধান্তে হলভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, তা বহাল থাকবে। হল প্রশাসন সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে।” একই সঙ্গে তিনি ছাত্রদলের সদ্যঘোষিত হল কমিটি নিয়ে আলোচনার আশ্বাসও দেন।

তবে শিক্ষার্থীরা উপাচার্যের বক্তব্যকে ‘অপূর্ণ ও অস্পষ্ট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন এবং ছয় দফা দাবি পেশ করেন, যার মধ্যে রয়েছে:

  1. ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনের গোপন ও প্রকাশ্য হল কমিটি বিলুপ্তি

  2. ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডমুক্ত একাডেমিক পরিবেশ নিশ্চিত করা

  3. ছাত্ররাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা

  4. প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ

  5. দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন আয়োজন

  6. উপাচার্যের কাছে জবাবদিহি দাবি—কেন ছাত্রদল কমিটি অনুমোদন দেওয়া হলো

শুক্রবার দুপুরে ছাত্রদলের কয়েকটি হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোকেয়া হলের শিক্ষার্থীরা সর্বপ্রথম প্রতিবাদ শুরু করেন। পরে সন্ধ্যার পর থেকে আন্দোলন তীব্র হতে থাকে। রাত ১২টার পর টিএসসির রাজু ভাস্কর্যে একত্রিত হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল সহকারে যান উপাচার্যের বাসভবনের সামনে, যেখানে রাত ২টায় উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলে ছাত্ররাজনীতি—প্রকাশ্য হোক কিংবা সুপ্ত বা গোপন—কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে স্পষ্ট জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্ররাজনীতির ‘নিয়ন্ত্রিত চর্চা’ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবিতে একদল শিক্ষার্থী যেমন হলপলিটিক্স নিষিদ্ধের পক্ষে সোচ্চার, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বলছেন, এটি ছাত্রদের সাংবিধানিক অধিকার খর্বের সামিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যে স্পষ্ট বার্তা থাকলেও, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ কমেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা প্রশাসনের কাছে লিখিত প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন