ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশে সর্বোচ্চ সংখ্যক ভিসা ব্র্যান্ডের ডেবিট কার্ড ইস্যু করার স্বীকৃতি স্বরূপ ‘এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড’ পুরস্কারে ভূষিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ভিসার আয়োজনে অনুষ্ঠিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫’-এ ব্যাংকটিকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।
পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এসময় ভিসার সাউথ এশিয়া ও ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ, বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান মো. মজনুজ্জামান এবং ডিজিটাল ব্যাংকিং উইংয়ের প্রধান মো. মোশাররফ হোসেনও অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ডিজিটাল ব্যাংকিং খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে অগ্রণী ভূমিকা রাখছে। ব্যাংকটির এই অর্জন ডিজিটাল আর্থিক সেবায় ইসলামী ব্যাংকিং সেক্টরের সক্ষমতা ও গ্রহণযোগ্যতারই প্রমাণ।

