রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: র‍্যাবের কাছে দায় স্বীকার করলেন অভিযুক্ত স্বাধীন

ডেস্ক রিপোর্ট।।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত আসামি স্বাধীন। র‍্যাব-১ এর অভিযানে শুক্রবার রাতে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী র‍্যাব-১ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এ কে এম এ মামুন খান চিশতি।

তিনি বলেন, “ঘটনার ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে স্বাধীনকে শনাক্ত করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে।”

র‍্যাব জানিয়েছে, সাংবাদিক তুহিন হত্যায় এখন পর্যন্ত র‍্যাব একজন ও গাজীপুর মহানগর পুলিশ আরও ছয়জনকে গ্রেফতার করেছে।

সম্প্রতি গাজীপুরে নির্মমভাবে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সাংবাদিক মহলে ক্ষোভের জন্ম দেয়।

র‍্যাব ও পুলিশ এই মামলার তদন্তে যৌথভাবে কাজ করছে এবং বাকি জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন