বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মাদরাসা শিক্ষা ব্যবস্থা রাজনীতিমুক্ত করার আহ্বান জমিয়াতুল মোদাররেছীনের

ডেস্ক রিপোর্ট।।

দেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষায় মাদরাসা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরসমূহকে দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

সভায় সংগঠনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন বলেন, “বর্তমানে মাদরাসা পরিচালনা সংশ্লিষ্ট দফতরগুলো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে গেছে। এতে করে দ্বীনি শিক্ষার স্বাভাবিক প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ছে।”

তিনি আরও বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষা বোর্ড, অধিদফতর এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক কর্মীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি বিভিন্ন গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতেও রাজনৈতিক বিবেচনায় সদস্য মনোনয়ন দেওয়া হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

সভায় বক্তারা অভিযোগ করেন, বই সংশোধনের নামে দেশের মুসলিম জনগোষ্ঠীর ঈমান ও আকিদা নিয়ে যেসব বিতর্কিত মতবাদ প্রবেশ করানোর চেষ্টা চলছে—তা দেশের সুন্নি ও হানাফি ধর্মানুসারীদের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করছে। বক্তারা সালাফি, লা-মাযহাবি ও ওয়াহাবি মতাদর্শের পাঠ্যবই অন্তর্ভুক্তিকে ‘প্রকাশ্য চক্রান্ত’ হিসেবে অভিহিত করেন।

জমিয়াত মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী বলেন, “বর্তমানে রাজনীতিকরণ এমন জায়গায় পৌঁছেছে যে মেধাবী ও যোগ্য আলেমদের জায়গা হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমাদের প্রাচীন ও ঐতিহ্যবাহী মাদরাসাগুলোর মৌলিক চরিত্র বিলুপ্ত হয়ে যাবে।”

তিনি দাবি জানান, পাঠ্যবইয়ে সালাফি মতাদর্শ ঢোকানোর পেছনে যেসব ‘দায়িত্বশীল’ ব্যক্তি জড়িত, তাদের অবিলম্বে অপসারণ করতে হবে এবং মাদরাসা নীতিনির্ধারণী পর্যায়ে জাতীয় ঐকমতের ভিত্তিতে নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল শরাফত আলী, মাওলানা মাহবুবুর রহমান, আবদুর রাজ্জাক, আবু জাফর ছাদেক হাসানসহ দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। নেতারা সরকারের কাছে দ্বীনি শিক্ষা ব্যবস্থায় অরাজনৈতিক, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন