বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তা আজ একটি ফ্যাসিস্ট শক্তির হুমকির মুখে। তিনি বলেন, “তারা মরিয়া হয়ে প্রমাণ করেছে—তাদের শেকড় কোথায়। তারা কখনোই বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি।”
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে সিএইচটিআরএফ (CHTRF)।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের সকলের পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। জাতীয়তাবাদী ভিত্তির ওপর জাতিকে ঐক্যবদ্ধ করলেই দেশ এগিয়ে যাবে। জাতিসত্ত্বা বা গোষ্ঠীগত পরিচয় নয়, রাষ্ট্রীয় নাগরিকত্বই হোক পরিচয়ের মূল ভিত্তি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান, তারা যেন গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের পাশে থাকে। কারণ এই পতিত ফ্যাসিবাদী শক্তিই এখন জাতীয় নিরাপত্তার প্রধান হুমকি।”
সভায় সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। তিনি বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা, ক্ষুদ্র জাতিসত্তার অবস্থান ও নিরাপত্তা ভাবনার সমন্বয় বিষয়ে বিশদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মো. বরকতুল্লাহ, খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বাবু রুইথি কারবারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক ফজল, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও সামাজিক অধিকার সংরক্ষণ, জাতীয় নিরাপত্তা এবং একক বাংলাদেশি পরিচয়ের সমন্বিত নীতিই হতে পারে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের ভিত্তি।

