বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাজ্যে অবৈধ রাইডার দমন অভিযান: এক সপ্তাহেই গ্রেপ্তার ২৮০ অভিবাসী

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে গত মাসে চালানো এক সপ্তাহব্যাপী অভিযানে ডেলিভারি সেক্টরে কর্মরত ২৮০ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন আইনপ্রয়োগকারী সংস্থা। অভিযানের আওতায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় প্রায় ১ হাজার ৭৮০ জন রাইডারকে। তাদের মধ্যে প্রতি পাঁচজনের একজনকেই আটক করা হয়।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলা এই অভিযানে বৈধ কাগজপত্র না থাকা, বসবাসের অনুমতি না থাকা ও অন্যান্য অভিবাসন-সংক্রান্ত অনিয়মে গ্রেপ্তার করা হয় এসব রাইডারকে। ৫৩ জনের আশ্রয় সংক্রান্ত আবেদন পুনর্বিবেচনায় নেওয়া হয়েছে, তবে বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

অভিযানের অংশ হিসেবে শুধু ব্যক্তি নয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ৫১টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিভিল পেনাল্টি নোটিশ জারি করা হয়েছে। এসব প্রতিষ্ঠান অবৈধ অভিবাসী নিয়োগের দায়ে বহুমাত্রিক জরিমানার মুখে পড়তে পারে।

এছাড়া, ৫৮টি ই-বাইক, ৭১টি যানবাহন, ৮ হাজার পাউন্ড নগদ অর্থ এবং প্রায় ৪ লাখ ৬০ হাজার পাউন্ড মূল্যের অবৈধ সিগারেট জব্দ করেছে ব্রিটিশ পুলিশ।

ব্রিটিশ সীমান্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল বলেন,

“আমরা চাচ্ছি যারা এ দেশে বৈধভাবে আছেন তারা যেন নিরাপদে ও সুরক্ষিতভাবে কাজ করতে পারেন। অবৈধভাবে থাকার বা কাজ করার কোনো সুযোগ আমরা আর রাখতে চাই না।”

সম্প্রতি উবার ইটস, জাস্ট ইট ও ডেলিভারু—এই তিন বড় ডেলিভারি কোম্পানির সঙ্গে সরকারের তথ্য আদান-প্রদানের একটি চুক্তি হয়েছে। এর আওতায়, যদি কোনো কর্মীর অভিবাসন স্ট্যাটাস সন্দেহজনক হয়, তাহলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে সংশ্লিষ্ট কোম্পানিগুলো।

ব্রিটেনে অবৈধ অভিবাসন ইস্যুতে সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। ব্রেক্সিটপন্থী নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টি এই ইস্যুকে সামনে এনে জনমত তৈরি করছে। ফলে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন নতুন সরকারকে আরও সক্রিয় হতে হচ্ছে অবৈধ অভিবাসন রোধে।

উল্লেখযোগ্যভাবে, গত এক বছরে ৩৫ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন