বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

ডেস্ক রিপোর্ট।।

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (৯ আগস্ট) রংপুরে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, “আমরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা হলে শুধু একটি কেন্দ্র নয়, প্রয়োজন হলে পুরো আসনের ভোট স্থগিত করা হবে।”

এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত একটি সভায় সিইসি বলেন, “একটি কেন্দ্র বা কয়েকটি কেন্দ্রে সহিংসতা হলে পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করা হবে। আইন সংশোধনের মাধ্যমে এমন বিধান যুক্ত করা হচ্ছে, যাতে বিশৃঙ্খল আচরণের দায় রাজনৈতিক দল বা প্রার্থীকে বহন করতে হয়।”

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যেই নতুন নির্বাচনী আইনের খসড়া প্রস্তুত করছি, যাতে নির্বাচনকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও আধুনিক করা যায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সব পক্ষকে আস্থায় আনতে সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হবে।”

নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, “আমরা কোনো পক্ষের নয়, জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ করছি। জনগণের ভোটাধিকার রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।”

এ সময় রংপুর বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন