বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, স্বাক্ষর হবে ৫ সমঝোতা স্মারক

ডেস্ক রিপোর্ট।।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল (সোমবার) মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একাধিক সমঝোতা স্মারক সই হবে।

সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. ইউনূস। এই বৈঠকেই স্বাক্ষর হবে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ।

দ্বিপাক্ষিক আলোচনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে চলমান জটিলতা নিরসন, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিনিয়োগ, হালাল শিল্প, উচ্চশিক্ষা, কৃষি ও সমুদ্র অর্থনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আসিয়ান এবং রোহিঙ্গা সংকটেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হতে পারে।

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসা-বাণিজ্য, মানবসম্পদ রপ্তানি ও শিক্ষাক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম অংশীদারে পরিণত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই বছরের অক্টোবরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছিলেন, যা অন্তর্বর্তী সরকারের সময় প্রথম কোনো রাষ্ট্রীয় সফর হিসেবে বিবেচিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন