জাতীয় সংসদের আসনভিত্তিক সীমানা পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের প্রস্তাব মূল্যায়ন ও পর্যবেক্ষণের লক্ষ্যে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবসমূহ মূল্যায়ন, দলীয় অবস্থান পর্যালোচনা এবং প্রয়োজনীয় সমন্বয়ের কাজ করতে এ কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সাইফুল্লাহ হায়দারকে। সদস্য হিসেবে রয়েছেন—আব্দুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম মুসা ও আরিফুর রহমান তুহিন।
কমিটির গঠনের অনুমোদন দিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের যেকোনো প্রস্তাব ও উদ্যোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই এনসিপি তার অবস্থান নির্ধারণ করবে।

