রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ঢাবি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে প্রভোস্ট কমিটির দীর্ঘ বৈঠক, সিদ্ধান্ত এখনও অনিশ্চিত

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার (৯ আগস্ট) জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্থায়ী কমিটি। তবে টানা ছয় ঘণ্টার আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই বৈঠকে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানিয়েছেন একাধিক প্রভোস্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভোস্ট জানান, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দিনগুলোতে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে। তাদের মতামত শুনেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরেকজন প্রভোস্ট বলেন, “আমরা বিষয়টি নিয়ে এখনো কাজ করছি, এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।”

এর আগে, শুক্রবার (৮ আগস্ট) রাতে একাধিক হলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। দাবি জানানো হয়, শিক্ষার পরিবেশ বজায় রাখতে হলে রাজনীতিমুক্ত আবাসিক হল নিশ্চিত করা প্রয়োজন।

বিক্ষোভের সূত্রপাত ঘটে ঢাবি ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে। এর পরপরই শিক্ষার্থীরা রাজনীতি নিষিদ্ধের দাবিতে হলগুলোতে স্লোগান ও মানববন্ধন শুরু করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শনিবার আবারও তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “গত ১৭ জুলাই ২০২৪ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে এবং এই নীতিমালাই বর্তমানে বহাল রয়েছে।”

বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। একদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি, অন্যদিকে গণতান্ত্রিক রাজনীতির চর্চা—এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন