বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আন্দোলন দমনে ৫ লাখ টাকা দাবি, চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে নতুন বিতর্ক

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমনে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এই দাবিতে কথা বলতে শোনা যায়।

রোববার (১০ আগস্ট) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ১.৫ মিনিটের ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামের একজন নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলছেন।
আন্দোলন থামানো প্রসঙ্গে নিজাম উদ্দিন জানতে চান, ‘তোমারে দিছে, টাকা দিছে?’
আফতাবের ‘হ্যাঁ’ জবাবের পর নিজাম উদ্দিন বলেন, ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে… আরও পাঁচ লাখ নিতে পারো কিনা।’

এই নিজাম উদ্দিনের বিরুদ্ধে গত ৫ জুলাই চাঁদাবাজির অভিযোগে এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২ কোটি টাকা না দেয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।

ওই সময় নিজাম উদ্দিন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর সদস্যসচিব। অভিযোগের পর তাকে সাময়িক স্থগিত করা হলেও পরে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়।

ভাইরাল হওয়া ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম। তিনি পোস্টে লিখেছেন, “এটি শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

রাহাদুল জানান, ভিডিওটি তিনি অন্য একজনের কাছ থেকে পেয়েছেন এবং দাবি করেন, নিজাম উদ্দিনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগেও ছিল।

অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দিন বলেন, “এটি পুরোনো ভিডিও। আমাকে রাজনৈতিকভাবে ফাঁসাতে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।” তিনি জানান, যিনি ভিডিও করেছেন, তিনি শিগগিরই লাইভে এসে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।

এনসিপির চট্টগ্রাম নগর প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক জানান, “এর আগে অভিযোগের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে ইতিবাচক ফিডব্যাক পাওয়ায় তাকে রাখা হয়েছিল। এখন নতুন অভিযোগ উঠেছে— আমরা আনুষ্ঠানিকভাবে তার ব্যাখ্যা চাইব।”

গত ২৩ এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনএমসিটি) ইস্যুতে নগরের কাস্টমস মোড়ে মিছিল ও সমাবেশ করে। স্থানীয়দের দাবি, বন্দর সম্প্রসারণের নামে ঐতিহাসিক ও পরিবেশগত দিক উপেক্ষা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন