বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

ডেস্ক রিপোর্ট।।

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। রায়ের বাস্তবায়নে তারিখ ঘোষণা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সংগঠনটি।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, “বিচারের রায় ঘোষণার পর এতদিনেও কার্যকর না হওয়া শুধু বিচারপ্রক্রিয়ার ব্যর্থতা নয়, এটি শহীদের আত্মার সঙ্গে অবিচার।”

সংগঠনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ লিখিত বক্তব্যে বলেন,

“ওসি প্রদীপের ফাঁসির রায় হয়েছে অনেক আগেই, কিন্তু আজও তার কার্যকর করার তারিখ জানানো হয়নি। এ দেরি শুধু পরিবার নয়, সেনাবাহিনী ও সাধারণ মানুষের মাঝেও হতাশা তৈরি করছে।”

তিনি আরও বলেন,

“এত বড় একটি অপরাধের বিচার বিলম্বিত হওয়া প্রশাসনিক ব্যর্থতা। এটি বার্তা দিচ্ছে, ক্ষমতাবান হলে বিচার এড়িয়ে যাওয়া যায়।”

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, প্রশাসনিক জটিলতা এবং সম্ভাব্য আন্তর্জাতিক চাপের কারণে প্রদীপের রায় কার্যকরে বিলম্ব হচ্ছে। লেফটেন্যান্ট (অব.) মেহেদী হাসান বলেন,

“বিচার বিভাগ স্বাধীন—এটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু বাস্তব চিত্র মাঝে মাঝে প্রশ্ন তোলে।”

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন সরকারের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়ে বলেছে, রায় কার্যকরের তারিখ দ্রুত ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ সংস্থা হিট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল্লাহ আল-আমিন প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন