ধর্মীয় আচার-অনুষ্ঠান বা দৈনন্দিন জীবনে ইসলাম অনুসারীদের মধ্যে আল্লাহর জিকির ও নাম স্মরণের প্রবণতা খুবই স্বাভাবিক। তবে শৌচাগারের মতো অশুচি স্থানে এ বিষয়ে ইসলাম কী বলে—তা নিয়ে রয়েছে কিছু নির্দিষ্ট দিকনির্দেশনা।
ইসলামী স্কলারদের মতে, শৌচাগারে বা অন্য কোনো অপবিত্র স্থানে আল্লাহকে মনে মনে স্মরণ করা (যেমন হাঁচি দিলে মনে মনে “আলহামদুলিল্লাহ” বলা) গুনাহ নয়। তবে সেখানে আল্লাহর নাম মুখে উচ্চারণ করাকে “মাকরুহ” অর্থাৎ অপছন্দনীয় হিসেবে অভিহিত করা হয়েছে।
হাদিস ও ফিকহে স্পষ্ট নির্দেশনা
হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন,
“শৌচাগারে বসে আল্লাহর জিকির করা মাকরুহ।”
(সূত্র: মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১২২৮)
আরেকটি বর্ণনায় বলা হয়, আনাস ইবনে মালেক (রা.) থেকে পাওয়া তথ্যমতে,
“রাসুল (সা.) টয়লেটে যাওয়ার সময় আল্লাহর নাম খচিত আংটি খুলে রাখতেন।”
(সূত্র: সুনানে ইবনে মাজাহ: ৩০৩)
এসব থেকে বোঝা যায়, শৌচাগারে আল্লাহর নাম উচ্চারণ না করাই উত্তম।
হাঁচি দিলে কী করবো?
তাবেয়ি হাসান বসরি (রহ.) বলেছেন,
“শৌচাগারে হাঁচি দিলে মনে মনে ‘আলহামদুলিল্লাহ’ বলা যেতে পারে।”
(সূত্র: মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১২৩৫)
গোসলখানা যদি শৌচাগার সংলগ্ন হয়?
-
যদি গোসলখানা পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও আলাদা থাকে,
-
এবং শৌচকাজের জায়গা ঢাকনাযুক্ত বা পরিষ্কার রাখা হয়—
তাহলে সেখানে আল্লাহর নাম উচ্চারণ বা অজুর দোয়া পড়া যাবে। তবে যদি গোসলখানা অপরিচ্ছন্ন বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে মুখে উচ্চারণ না করাই শ্রেয়।

