‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’কে আইনগত স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৫টায় বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সোমবার জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন।
পোস্টে বলা হয়,
“জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই সনদ’ স্বীকৃতি পেতে হবে এবং তা ভিত্তি করেই নির্বাচন আয়োজন করতে হবে— এ দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।”
জামায়াতের পক্ষ থেকে নেতাকর্মী ও সাধারণ নগরবাসীকে কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দলটির ভাষ্য,
“একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে এই দাবি ও কর্মসূচি গণতান্ত্রিক অধিকার চর্চার অংশ।”
জামায়াতের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ’-এ নির্বাচনকালীন সরকারব্যবস্থা, রাজনৈতিক দলের নিবন্ধন সংস্কার, মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক ন্যায়বিচারসহ একাধিক দাবি ও প্রস্তাবনা অন্তর্ভুক্ত রয়েছে। দলটির মতে, এই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের মৌসুম ঘনিয়ে আসতেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা দাবিদাওয়া সামনে আসছে। জামায়াতের এই কর্মসূচি তারই অংশ, যা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে আরও তৎপরতা বাড়াতে পারে।

