বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

১৪ আগস্ট থেকে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে প্রথমবারের মতো আরও সংগঠিত ও তথ্যভিত্তিক হজ-ওমরাহ ব্যবস্থার প্রচারে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজন করছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই মেলা চলবে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ভিক্টোরিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার। তিনি বলেন, “গ্রামাঞ্চলের বহু হজপ্রত্যাশীর কাছে তথ্য ও সেবা পৌঁছায় না। এই মেলার মাধ্যমে সারা দেশের হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।”

মেলায় অংশগ্রহণকারীরা সরাসরি হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্যাকেজ যাচাই ও চুক্তি করতে পারবেন। এছাড়া মেলায় থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য স্টল, যারা হজযাত্রীদের লেনদেন ও অর্থসংক্রান্ত সেবা দিয়ে থাকে।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “মেলায় মধ্যস্বত্বভোগী ছাড়া হজ ও ওমরাহর যাবতীয় তথ্য পাওয়া যাবে। এতে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

হাব জানায়, বিগত সময়ে হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও বিশৃঙ্খলা থাকলেও, বর্তমান সরকারের সহায়তায় ও হাবের তদারকিতে এখন অনেকটাই শৃঙ্খলা ফিরেছে। হজযাত্রীরা পাচ্ছেন অধিকতর স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা।

মেলায় হাবের প্রায় সব শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, সহ-সভাপতি হাফেজ নূর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মো. জাফর উদ্দিন, অর্থ সচিব আব্দুল হামিদ, জনসংযোগ সচিব হাফেজ জাহিদ আলম ও সাংস্কৃতিক সচিব মো. কাউসার উদ্দিন।

এই আয়োজনকে ঘিরে হজযাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হাবের আশা, এই মেলার মধ্য দিয়ে হজ ও ওমরাহ ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া যাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন