সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনতে কাজ করছে সরকার

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরও কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ শুল্ক ধার্য করেছে, যা অতীতে ছিল ৩৭ শতাংশ। ধাপে ধাপে এই হার কমিয়ে আনার ফলে এখন কিছুটা প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে বাংলাদেশ।”

বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ও অশুল্ক বাধা (নন-ট্যারিফ ব্যারিয়ার) দূরীকরণে নানা স্তরে আলোচনা চলছে। ইতোমধ্যে প্রায় ৩৮০০ পণ্যের আমদানি শুল্ক ০-১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। খাদ্যপণ্যেও শুল্ক প্রায় শূন্যের কোঠায়।

তিনি আরও বলেন, জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

সম্প্রতি ভারতের পাটপণ্য আমদানিতে নতুন বিধিনিষেধের বিষয়ে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “যদিও স্থলপথে কিছু সীমাবদ্ধতা এসেছে, তবে সমুদ্রবন্দর ব্যবহার করে রপ্তানি কার্যক্রম চলমান থাকবে। তাই সামগ্রিকভাবে এর প্রভাব বড় হবে না।”

বাণিজ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, “আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো চাপের মুখে পড়ে এমন কোনো বাণিজ্য সুবিধা দেওয়া হয়নি, যা আমাদের ক্ষতির কারণ হতে পারে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন