বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন করে সাত দফা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ আগস্ট) জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় সচিবালয়ের প্রতিটি ভবন ও প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে নিচের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে:
-
সচিবালয়ের ভেতরে কোনো মিছিল, সমাবেশ বা গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।
-
মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অনুমতি ছাড়া কোনো সভা বা পেশাজীবী সংগঠনের কার্যক্রম করা যাবে না।
-
সন্ধ্যা ৬টার পর কেউ জরুরি প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করলে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
-
ছুটির দিনে সচিবালয়ে দাফতরিক প্রয়োজনে প্রবেশে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।
-
সচিবালয়ে কর্মরত সবাইকে প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।
-
সচিবালয়ের ভেতরে কোনো লিফলেট বিতরণ বা ব্যানার-ফেস্টুন টানানো যাবে না।
-
প্রবেশের সময় ব্যক্তি ও যানবাহনের তল্লাশি নিশ্চিত করবেন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উল্লিখিত নির্দেশনাগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

