রাজনীতি, নির্বাচন, সংস্কার ও দ্বিপাক্ষিক বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পুনর্বিবেচনার বিষয়টি সামনে আনেন ইসলামী আন্দোলনের নেতারা। দলটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “সহনীয় ও ইতিবাচক” হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান দলের আমিরের পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামীর বাংলাদেশ নির্মাণে দলের ভাবনা ও নীতিগত অবস্থান তুলে ধরেন যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ করে সংস্কার কমিশনে দলের ভূমিকা ও অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করা হয়।
রাজনীতি, নির্বাচন প্রক্রিয়া, নাগরিক অধিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক ও বাণিজ্য জোরদার নিয়েও আলোচনা হয়।
উপস্থিত ছিলেন যারা
যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন:
-
পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট
-
পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ
-
পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
-
মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
-
প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন
-
যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান
-
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম
-
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী
-
দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী
-
সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ
-
আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য খায়রুল আহসান মারজান ও মুহাম্মাদ রাজন শিকদার
বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশজ ও আন্তর্জাতিক নানা ইস্যুতে ইসলামী আন্দোলনের অবস্থান সরাসরি জানতেই এমন সংযোগ বাড়াচ্ছে কূটনৈতিক মহল।

