বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশিদের ‘গ্র্যাজুয়েট প্লাস ভিসা’ দিতে সম্মত মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট।।

মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ নামে একটি নতুন ভিসা প্রোগ্রাম চালুর সম্ভাবনার খবর আশার আলো হিসেবে দেখা হলেও, বিশেষজ্ঞরা বলছেন—এটি এখনো কেবল একটি নীতিগত সম্মতি, যার বাস্তবায়ন কতটা দ্রুত বা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

বুধবার ইউনিভার্সিটি কেবাংসানে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই প্রস্তাব উত্থাপন করেন। বৈঠকে অংশ নেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইন উপদেষ্টা জানান, “নীতিগতভাবে সম্মতি মিলেছে”। তবে বাস্তবায়নের জন্য এখনও “আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে”—এই মন্তব্যটি বিশ্লেষকদের মতে ইঙ্গিত দেয়, এখনো চুক্তি বা বাস্তব নীতিমালা গৃহীত হয়নি।

বর্তমানে ভারতের মতো দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় লেখাপড়ার পাশাপাশি কাজ করার সুযোগ পায়, এমনকি অনেকে পড়াশোনা শেষে মালয়েশিয়ার অর্থনীতিতে দক্ষ পেশাজীবী হিসেবে যুক্ত হচ্ছে। অথচ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ সুযোগ এতদিন সীমিত ছিল।

বিভিন্ন ছাত্র সংগঠন ও অভিভাবকদের প্রশ্ন—বাংলাদেশের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও বাস্তব অগ্রগতি এত ধীর কেন? অতীতে এমন বহু প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ ছিল।

অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও বৃত্তি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও বাংলাদেশের ডিগ্রির স্বীকৃতি বৃদ্ধির বিষয়ে আলোচনা করলেও, এসব পরিকল্পনার বাস্তব রূপরেখা এখনো প্রকাশ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র প্রতীকী বৈঠক বা যৌথ বিবৃতির বাইরে গিয়ে বাস্তব নীতিমালা এবং প্রয়োগযোগ্য চুক্তি দরকার।

অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ (Zero Poverty, Zero Unemployment, Zero Net Carbon Emission) দর্শনের প্রশংসা করলেও, মালয়েশিয়ান কর্তৃপক্ষ কতটা বাস্তব পদক্ষেপ নেবে—তা এখনো অনিশ্চিত। বাংলাদেশের তরুণ প্রজন্ম চায়, আন্তর্জাতিক ফোরামে এসব বক্তৃতা শুধু শোভন কূটনীতি না হয়ে বাস্তব সমাধানে রূপ নিক।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন