বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ধর্মীয় লেবাস পরা একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট।।

ধর্মীয় লেবাস পরা একটি রাজনৈতিক দল নিজেদের গা-ঢাকা অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত—এমন অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নানা নাটক সাজিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।”

সম্প্রতি চট্টগ্রামে এক চিকিৎসককে কেন্দ্র করে ভাইরাল হওয়া ঘটনার বিষয়ে রিজভী বলেন, “চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। চিকিৎসক নিজেই লাইভে এসে মিথ্যা নাটক করেছেন। আসল ঘটনা হলো, তিনি নকশাবহির্ভূত ভবন নির্মাণ করছিলেন। কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে মাত্র।”

তিনি আরও বলেন, “নাক রাঙিয়ে লাইভে এসে যারা বিএনপিকে জড়াতে চাচ্ছে, তারা রাজনৈতিক চক্রান্তে যুক্ত।”

রংপুরে দুইজন সনাতন ধর্মাবলম্বী নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “মব জাস্টিসের নামে কেউ যেন বেআইনিভাবে প্রাণ না হারায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে। যারা উসকানি দিচ্ছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “এই মব কালচার সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। অন্তর্বর্তী সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা।”

আওয়ামী লীগ সরকারের সময় লোপাট হওয়া হাজার হাজার কোটি টাকার হিসাব চেয়ে রিজভী বলেন, “ফারমার্স ব্যাংকের নামে প্রায় ২ হাজার কোটি টাকা লুট হয়েছে। আজ তা পদ্মা ব্যাংকে রূপান্তরিত হলেও সেই অর্থের কোনো হদিস নেই। জনগণের অর্থ উদ্ধার এখন সময়ের দাবি।”

বর্তমানে আলোচিত প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) ভিত্তিক নির্বাচন ব্যবস্থার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, “বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতি কার্যকর নয়। গণতন্ত্র চর্চা শক্তিশালী না করে এই ব্যবস্থায় যাওয়া জটিলতা তৈরি করবে। এটি স্বচ্ছ নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।”

বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ অপরাধে জড়িত থাকলে দল তা সহজে মেনে নিচ্ছে না বলেও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, “যার বিরুদ্ধে প্রমাণ মিলছে, তদন্ত শেষে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন