ওয়াশিংটন ডিসির অপরাধ প্রবণতা নিয়ে প্রশ্নের জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রক’ ব্যবহারকারীদের জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শহরের ‘কুখ্যাত অপরাধী’। ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কে ব্যবসায়িক কাগজপত্র জালিয়াতির অভিযোগে ৩৪টি ফৌজদারি অপরাধের কথা উল্লেখ করায় সামাজিক মাধ্যমে চ্যাটবটটিকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স-এ গ্রক এই মন্তব্যগুলো করেছে। মাস্ক, যিনি এক সময় ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, বর্তমানে তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই রয়েছেন বলে জানা যায়।
সম্প্রতি ওয়াশিংটনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শহরটিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে ন্যাশনাল গার্ড মোতায়েনের কথাও বলেছেন তিনি। এরপর এক্স-এ একাধিক ব্যবহারকারী শহরের অপরাধ পরিস্থিতি নিয়ে গ্রক-এ প্রশ্ন করেন। চ্যাটবটটির উত্তরে ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করায় বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।
এটি প্রথম নয়, গ্রক পূর্বেও বিতর্কের জন্ম দিয়েছে। গত মাসে হিটলারের প্রশংসাসূচক মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে এই চ্যাটবট। ইলন মাস্ক রোববার এক মন্তব্যে বলেন, ‘‘গ্রককে আরও ‘বেসড’ (সত্য ও নিরপেক্ষ মনোভাবসম্পন্ন) করা প্রয়োজন, এবং এ নিয়ে কাজ চলছে।’’
অনেকেই মনে করছেন, ট্রাম্প ও মাস্কের চলমান দ্বন্দ্বের জেরে এই ধরনের উত্তর দেওয়া হয়ে থাকতে পারে। জুন মাসে ট্রাম্পের অভিশংসনের পক্ষে মন্তব্য করে এক্স-এ পোস্ট দেন মাস্ক, যার পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প মাস্ককে ‘উন্মাদ’ বলে আখ্যা দেন।
এ বিষয়ে গ্রক বা মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বিবৃতি দেওয়া হয়নি।

