কুয়েতে মিথানল মিশ্রিত বিষাক্ত মদপানে কমপক্ষে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে ৬৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যারা একই ধরনের বিষক্রিয়ায় ভুগছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিষাক্ত মদ সংক্রান্ত ঘটনায় তারা বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং ৫১ জনকে জরুরি ডায়ালাইসিস দেওয়া হয়েছে। একই সঙ্গে ২১ জনের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কুয়েতের কর্তৃপক্ষ বিষাক্ত মদের উৎস শনাক্ত ও এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য তৎপর তদন্ত শুরু করেছে। জনসাধারণকে অনিয়ন্ত্রিত অ্যালকোহলজাতীয় পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় মিথানল বিষক্রিয়ার যেকোনো সন্দেহজনক ঘটনা সম্পর্কে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার অথবা নির্ধারিত হটলাইনে ফোন করার জন্য আবেদন জানিয়ে সতর্কতা জারি করেছে।

