বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

ডেস্ক রিপোর্ট।।

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কানাইপুর নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসের মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নারী এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন পুরুষ মারা যান।

সংঘর্ষের পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান চাঁন জানান, দুটি বাসই দ্রুতগতিতে চলছিল। একটি মুহূর্তের অসতর্কতায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর আহত হন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আহতদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।”

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। একজন নারী ঘটনাস্থলে এবং দুইজন পুরুষ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। বিস্তারিত তদন্ত চলছে।”

দুর্ঘটনার কারণ তদন্তে নেমেছে হাইওয়ে পুলিশ। অতিরিক্ত গতি ও সড়কে বেপরোয়া চালনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন