বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ফের আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার মুম্বাইয়ের এক ব্যবসায়ী দীপক কোঠারি তাদের বিরুদ্ধে ৬০.৪৮ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন। কোঠারির দাবি, ব্যবসায়িক বিনিয়োগের নামে তার কাছ থেকে কোটি কোটি রুপি নিয়ে তা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন এই তারকা দম্পতি।
মামলার তথ্য অনুযায়ী, দীপক কোঠারি ছিলেন লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসেস-এর পরিচালক। তিনি জানান, শিল্পা ও রাজের মালিকানাধীন এবং বর্তমানে বন্ধ হয়ে যাওয়া বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এ তিনি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ধাপে ধাপে ৬০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেন।
অভিযোগে বলা হয়েছে, বিনিয়োগকালে কোম্পানির ৮৭ শতাংশ শেয়ার ছিল শিল্পা শেঠির নামে। ২০১৫ সালের এপ্রিল থেকে শুরু করে ২০১৬ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক কিস্তিতে এই টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, চুক্তির স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয় আরও ৩.১৯ লক্ষ রুপি।
দীপকের দাবি, শিল্পা শেঠি তাকে ব্যক্তিগতভাবে রুপি ফেরতের গ্যারান্টি দিয়েছিলেন। কিন্তু সেই একই বছরে, অর্থাৎ ২০১৫ সালের সেপ্টেম্বরেই তিনি কোম্পানির ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন। কিছুদিন পর প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে পড়ে। এই কোম্পানির বিরুদ্ধে পরে আরও ১.২৮ কোটির মামলা হয়। ফলে সর্বস্বান্ত হন দীপক কোঠারি।
অভিযোগের জবাবে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা তাদের আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। আইনজীবী প্রশান্ত পাটিল জানিয়েছেন, “এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত। শিল্পা ও রাজ কোনো প্রতারণার সঙ্গে জড়িত নন। এটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে রাজ কুন্দ্রা অশ্লীল ভিডিও বানানো এবং অ্যাপে তা প্রচারের অভিযোগে দীর্ঘদিন আইনি জটিলতায় ছিলেন। সেই মামলার রেশ এখনও না কাটতেই এই নতুন অভিযোগ আবার আলোচনায় এনেছে শিল্পা-রাজ দম্পতিকে।

