রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ডেমরায় জামায়াত নেতার ‘পাথরের গদি’ থেকে ৪০ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর ডেমরা থানার সারুলিয়া শুকুরসী ঘাট এলাকায় একটি বড়সড় অভিযানে প্রায় ৪০ হাজার ঘনফুট ভোলাগঞ্জের সাদা পাথর জব্দ করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, ৭টি পাথরের গদি থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে জামায়াতে ইসলামীর নেতা মো. রহমতের নাম উঠে এসেছে, যার ব্যবসায়িক নাম তাহমিত স্টোনক্সাসার।

জব্দ করা পাথরগুলো সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার বলে নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তর। সেখান থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২ লাখ ঘনফুট পাথর এরই মধ্যে পাচার হয়ে গেছে বলে শঙ্কা করা হচ্ছে। আনুমানিক বাজারমূল্য ২০০ থেকে ২৫০ কোটি টাকা।

এছাড়া, একই এলাকা থেকে ৬ লাখ ঘনফুট বালু লুটপাটের অভিযোগ রয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা।

তদন্তে জানা গেছে, ভোলাগঞ্জ, দয়ার বাজার, কলাবাড়ি ও ১০নং ঘাট থেকে চোরাইপথে সংগ্রহ করা পাথর এসব গদিতে এনে জমা করা হয় এবং পরে ক্রাশার মেশিনে পাঠানো হয়। অনেক অংশ ইতোমধ্যে ক্রাশ করে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন,

“এই পাথরের বেশিরভাগই অবৈধভাবে উত্তোলিত এবং পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। ৭টি প্রতিষ্ঠানের মালিকদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন জানিয়েছে, সাদা পাথর ও বালু পাচারের বিরুদ্ধে সুনামগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ ও ঢাকায় একযোগে অভিযান চালানো হবে। ইতোমধ্যে আরও কয়েকটি গদি ও ক্রাশার ইউনিট নজরদারিতে এসেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন