বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই পুড়ে ছাই ১৫টি মেরিন পার্টসের দোকান, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এসব দোকানে পুরাতন জাহাজের মেরিন পার্টস বিক্রি হতো। আগুন লাগার পর গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার কামাল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তেই আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরও কুমিরা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। এতে করে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মার্কেটের মালিক মোহাম্মদ আরাফাত বলেন,

“আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করি। কিন্তু যানজটের অজুহাতে তারা অনেক দেরিতে আসে। ততক্ষণে সব কিছু শেষ।”

ভয়াবহতা আরও বেড়ে যায় দোকানগুলোর ভেতরে থাকা গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে। বিকট শব্দে একের পর এক বিস্ফোরণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন বলেন,

“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রওনা দিই, তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট থাকায় দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মতে, পুরো মার্কেট পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

ব্যবসায়ীরা এ ঘটনায় যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন। একইসাথে, জরুরি সেবা দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে যানজট ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন