নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির চেষ্টার সময় নিজেদের ছোড়া বোমার বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছে। একই ঘটনায় স্থানীয় জনতার হাতে আরও দুই ডাকাত গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন।
শনিবার ভোরে কলাগাছিয়া ইউনিয়নের একটি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতদল নৌপথে এসে কলাগাছিয়া বাজার এলাকার কয়েকটি বাড়িতে হামলার চেষ্টা চালায়। তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে।
পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত হাতবোমা নিক্ষেপ করলে সেটি তার কাছেই বিস্ফোরিত হয়। এতে তার এক হাত উড়ে যায় এবং নদীতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের হাতে ধরা পড়া অপর দুই ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিবুল হোসেন জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজন চিকিৎসাধীন। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ।

