সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

গ্রিন শিপবিল্ডিং খাত শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

ডেস্ক রিপোর্ট।।

পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই জাহাজ নির্মাণ বাংলাদেশের শিল্প খাতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “গ্রিন শিপবিল্ডিং খাত আমাদের শিল্পায়নের নতুন সুযোগ এনে দিচ্ছে। জ্বালানি সাশ্রয়ী ডিজাইন এবং এলএনজি, হাইব্রিড ও নবায়নযোগ্য শক্তিচালিত জাহাজ নির্মাণে উদ্যোগ নিতে হবে।”

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি: শিল্পায়নের নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনেটির আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

আদিলুর রহমান খান আরও বলেন, “বিশ্বব্যাপী পরিবেশবান্ধব ও কম কার্বন নিঃসরণকারী জাহাজের চাহিদা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যে দেশগুলো এই খাতে সক্ষমতা গড়ে তুলবে, তারাই ভবিষ্যতের সামুদ্রিক অর্থনীতির নেতৃত্ব দেবে।”

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে বাংলাদেশের শিপইয়ার্ডগুলিকে গ্রিন সার্টিফিকেশন অর্জন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কাস্টমাইজড পরিবেশবান্ধব জাহাজ তৈরির দিকে মনোযোগী হতে হবে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ড. জাইদি সাত্তার। তিনি বলেন, “২০২৪ সালে বিশ্বব্যাপী শিপবিল্ডিং বাজারের পরিমাণ ছিল ১৫৫ বিলিয়ন ডলার। এর মধ্যে চীনের অংশ ৫৪.৬ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ২৮ শতাংশ এবং জাপানের ১২.৬ শতাংশ। বাংলাদেশ ইতিমধ্যে ২০০ মিলিয়ন ডলারের ৫০টি জাহাজ রপ্তানি করেছে।”

সেমিনারে সভাপতিত্ব করেন আইবিএফবি’র সভাপতি লুতফুন্নিসা সাউদিয়া খান। আরও উপস্থিত ছিলেন আইবিএফবি পরিচালক প্রকৌশলী শাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি হুমায়ুন রশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, এবং বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন