সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নেপালকে ৩২ রানে হারিয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ‘এ’ দল

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে বড় হার ভুলে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ‘এ’ দল। টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে হারিয়ে জয়ের দেখা পেলো নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল।

ডারউইনে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে দল। জবাবে নেপাল থেমে যায় ৭ উইকেটে ১৫৪ রানে।

ইনিংসের সূচনায় নাঈম শেখ (২৫) ও জিশান আলম দলকে এনে দেন ৬.৪ ওভারে ৬২ রানের জুটি। জিশান ছিলেন আক্রমণাত্মক মেজাজে—৪৬ বলে করেন ৭৩ রান, মারেন ৪টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৫৮.৬৯।

শেষদিকে ঝড় তোলেন আফিফ হোসেন। মাত্র ২৩ বলে অপরাজিত ৪৮ রান, ৯টি চারে সাজানো ইনিংসে স্ট্রাইক রেট ২০৮.৬৯। প্রতিপক্ষের হয়ে রিজান ধাকল নেন সর্বোচ্চ ২ উইকেট।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল নিয়মিত উইকেট হারায়। তবে কুশল মাল্লা একপ্রান্ত আগলে ৪৭ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। আসিফ শেখ করেন ২৮, লোকেশ বাম ১৫ এবং নন্দন যাদব ১৪ রান।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার রাকিবুল হাসান, ৪ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। হাসান মাহমুদ নেন ২ উইকেট, আর রিপন মন্ডল ও তোফায়েল আহমেদ পান একটি করে উইকেট।

এই জয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল টিকে থাকলো প্লে-অফের দৌড়ে। পরবর্তী ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সোহানদের জন্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন