বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে” : টাঙ্গাইলে কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট।।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেছেন, “শেখ হাসিনার পতন হয়েছে আল্লাহর তরফ থেকে।” একইসঙ্গে তিনি আইন ও ন্যায়ের ভিত্তিতে বিচারের আহ্বান জানিয়ে বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় হলে, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করবো।”

শনিবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আয়োজন করে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধা পরিষদ।

কাদের সিদ্দিকী বলেন, “যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছেন—আমি তাদের অন্তর থেকে সমর্থন করি। কারণ এই পতন আল্লাহর তরফ থেকে এসেছে। তবে অন্যায়ভাবে কেউ কিছু করলে আমি তা মেনে নেব না।”

তিনি আরও বলেন,

“শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। বঙ্গবন্ধু ছিলেন জাতির পিতা, আর শেখ হাসিনা রাজনৈতিক নেতা। যতদিন বাংলাদেশ থাকবে, জয় বাংলা ধ্বনি ততদিন থাকবে।”

ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন,

“আপনি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার দৃশ্য দেখেছেন। গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, তখন আমি না থাকলে অর্ধেক ব্যাংক মাটির নিচে চলে যেত। এখন আপনার এক বছরের শাসন আর সহ্য হচ্ছে না। যদি নির্বাচন না হয়, তবে আপনার পরিণতি শেখ হাসিনার চাইতেও ভয়াবহ হবে।”

সমাবেশে কাদের সিদ্দিকী বলেন,

“মুক্তিযোদ্ধাদের সম্মানী ভিক্ষা নয়, এটি মর্যাদার বিষয়। চলতি অর্থবছরেই তাদের সম্মানী ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এক লাখে উন্নীত করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “যুদ্ধ সহজ জিনিস নয়, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়া হলে, তার প্রতিরোধ হবে শক্ত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা কমান্ডার ফজলুর হক বীর প্রতীক। এতে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঘাটাইল উপজেলার সাবেক কমান্ডার এমদাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ও হুমায়ুন বাঙাল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন