বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশন, কনস্যুলেট ও কূটনীতিকদের বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে মৌখিক নির্দেশনা দিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট না হওয়ায় বিদেশি মিশনগুলোর মধ্যে বিভ্রান্তি ও নানা প্রশ্ন তৈরি হয়েছে।
সূত্র মতে, গত ১৫ আগস্ট (শুক্রবার) অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনের মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়। এ বিষয়ে কোনো অফিসিয়াল নোটিশ বা ই-মেইল প্রেরণ করা হয়নি, বরং দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতদের মাধ্যমেই অন্যান্য মিশনে বার্তা পৌঁছাতে বলা হয়েছে।
দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কয়েকটি কূটনৈতিক মিশন জানিয়েছে, তারা এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। তবে দুইটি মিশন প্রধান নিশ্চিত করেছেন যে তারা নির্দেশনা পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
একজন দায়িত্বশীল কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। লিখিত কিছু আসেনি, তবে আমাদের বলা হয়েছে অন্য মিশনগুলোকে জানাতে ও বিষয়টি তদারকি করতে।”
এমন নির্দেশনার পেছনে সরকারি কোনো নীতিগত পরিবর্তন আছে কি না, কিংবা রাষ্ট্রপতির পদে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না—তা এখনো পরিস্কার নয়। তবে এই ধরনের সংবেদনশীল বিষয়ে আনুষ্ঠানিক চিঠিপত্র ছাড়া মৌখিক নির্দেশনা দেওয়াকে অনেকে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে বলে মনে করছেন।
রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

