চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশ্বিনা আম দিয়ে তৈরি হচ্ছে বিশ্ববাজারে চাহিদাসম্পন্ন পণ্য ড্রাই ম্যাংগো। স্থানীয় উদ্যোক্তা ইসমাইল খান শামীমের হাত ধরে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে এই স্বাস্থ্যকর ও জনপ্রিয় খাদ্যপণ্য, যা আম শিল্পে যোগ করেছে নতুন মাত্রা।
জানা গেছে, শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়ায় নিজস্ব উদ্যোগে গড়ে তোলা হয়েছে আধুনিক ড্রাই ম্যাংগো প্রক্রিয়াজাতকরণ ইউনিট। থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়ে ২০২২ সাল থেকে প্রস্তুতির কাজ শুরু করেন শামীম। বর্তমানে প্রতিদিন এক মনের বেশি আম শুকিয়ে বাজারজাত করছেন তিনি।
উদ্যোক্তা ইসমাইল খান শামীম বলেন,
“দেশে প্রতিবছর প্রচুর আম নষ্ট হয়। বিশেষ করে মৌসুম শেষে আশ্বিনা জাতের অনেক আম পেকে ঝরে যায়। এই আমগুলো কাজে লাগিয়ে ড্রাই ম্যাংগো তৈরি সম্ভব হওয়ায় তা এখন সম্পদে পরিণত হচ্ছে।”
প্রসেসিং ইউনিটে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ধোয়া, স্লাইসিং ও শুকানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত ও আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।
এ নিয়ে স্থানীয় কৃষকরাও আশাবাদী। কৃষক জাহাঙ্গীর আলম বলেন,
“আগে এসব আম কেউ নিতে চাইত না। এখন অনেকেই আগ্রহী। দামও ভালো পাচ্ছি।”
উন্নয়ন সংস্থা সুইসকন্ট্যাক্টের সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানও তৈরি হচ্ছে। সংগঠনের এলইডি কর্মকর্তা আলামিন আলি বলেন,
“ড্রাই ম্যাংগো বিশ্ববাজারে বেশ জনপ্রিয়। আমরা চাই বাংলাদেশও এই খাতে জায়গা করে নিক। এতে আমচাষিদের আয়ের নতুন পথ খুলবে।”
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. ইয়াছিন আলী বলেন,
“আমের প্রক্রিয়াজাতকরণে সরকার আগ্রহী। এই উদ্যোগগুলো বাড়লে জেলার অর্থনীতি শক্তিশালী হবে এবং আমচাষিরা প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।”
পণ্যটির মান বজায় রেখে আন্তর্জাতিক রপ্তানিতে জোর দিতে হবে। সরকারের সহায়তা ও উপযুক্ত বাজারজাত ব্যবস্থা থাকলে চাঁপাইনবাবগঞ্জ হতে পারে দক্ষিণ এশিয়ার ড্রাই ম্যাংগো হাব।

