বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বঙ্গোপসাগরে ধরা পড়ল বড় আকৃতির ইলিশ, বাজারে মিলল চড়া দাম

ডেস্ক রিপোর্ট।।

পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি এলাকায় বঙ্গোপসাগরে ফের ধরা পড়েছে বড় সাইজের একটি ইলিশ মাছ। রোববার (১৭ আগস্ট) সকালে স্থানীয় জেলে নাসির মাঝির জালে ধরা পড়ে ইলিশটি, যার ওজন ১ কেজি ৭০০ গ্রাম। পরে কুয়াকাটার মেয়র বাজারে মাছটি নিলামে বিক্রি হয় ৫ হাজার ১৭০ টাকায়।

মাছটি কিনে নিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির হোসেন। তিনি জানান, “এমন বড় ইলিশ এখন খুবই বিরল। ডাকের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা মণ দরে আমি এটি কিনেছি। ঢাকায় নিয়ে উচ্চমূল্যে বিক্রি করব।”

নাসির মাঝি বলেন, “আজ ট্রলারে শুধু এই একটি মাছই পেয়েছি। বড় ইলিশ এখন কম ধরা পড়ছে, তবে আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আশার খবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ মিলছে, যা ইঙ্গিত দেয় ইলিশের প্রজনন ও বিস্তারে ইতিবাচক পরিবর্তন ঘটছে। আশা করি সামনে আরও বেশি ইলিশ পাওয়া যাবে, তখন দামও স্থিতিশীল হবে।”

প্রসঙ্গত, মাত্র দুই দিন আগেই একই বাজারে এক কেজি ৮০০ গ্রাম ওজনের আরেকটি ইলিশ ধরা পড়েছিল, যা বিক্রি হয়েছিল ৫ হাজার ৬২৫ টাকায়। ক্রমেই কুয়াকাটা উপকূল হয়ে উঠছে বড় ইলিশের সম্ভাবনাময় কেন্দ্র।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন