বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জাবি ছাত্রদলের কমিটি নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস, কেন্দ্রীয় নেতাদের ‘গেট আউট’ স্লোগান

ডেস্ক রিপোর্ট।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদ্যঘোষিত বর্ধিত কমিটি নিয়ে তীব্র অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। কমিটি ঘোষণার নয় দিন পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষুব্ধ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেন। হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় এলাকায়।

রোববার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া যখন ক্যাম্পাসে পৌঁছান, তখন শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী ‘বাবর-অনিক, গেট আউট’ এবং ‘সুপার ফাইভ গেট আউট’ স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে।

দুপুরের ঘটনার পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একদল বিক্ষুব্ধ কর্মী আলোচনায় বসেন। সেখানে তারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে ছাত্রলীগ, শিবির এমনকি চিহ্নিত ছিনতাইকারীদেরও স্থান দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে রাত ১২টার মধ্যে কমিটি বাতিলের আলটিমেটাম দেন তারা।

চোখধাঁধানো মোটরসাইকেল শোভাযাত্রায় ক্যাফেটেরিয়ার নিচে উপস্থিত হন ছাত্রদলের আরেকদল কর্মী। তখন অভিযোগ ওঠে—আহ্বায়ক জহিরউদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ বহিরাগতদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান, গালিগালাজ এবং হাতাহাতির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ৮ আগস্ট ঘোষিত বর্ধিত কমিটি ও হল কমিটির পর শীর্ষ পাঁচ নেতা ক্যাম্পাসে আসেননি। নেতৃত্বে অবাঞ্ছিত ও অগ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে তারা আগেও প্রতিবাদ করেছেন।

বিশৃঙ্খলার বিষয়ে আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন,

“বিক্ষোভকারীদের অনেকে বহিষ্কৃত ও স্বার্থান্বেষী গোষ্ঠীর অংশ। কমিটিতে কিছু অসংগতি থাকলেও তা আমরা সমাধানের চেষ্টা করছি।”

বহিরাগতদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,

“কেন্দ্রীয় নেতারা আসলে স্বাভাবিকভাবেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দেখা করতে আসেন। এটিকে নেতিবাচকভাবে না দেখাই ভালো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন,

“ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ থেকে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রক্টরিয়াল টিম দ্রুত পদক্ষেপ নিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন