আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। মহাদেশীয় এই টুর্নামেন্ট সামনে রেখে জোর প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। ব্যাটিংয়ে বাড়তি আক্রমণাত্মক মনোভাব আনার লক্ষ্যে এবার পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি দলের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি।
জুলিয়ান উডের কোচিংয়ে ব্যাটারদের উন্নতি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও, বাস্তব চিত্র জানতে আগ্রহী ছিলেন অনেকেই। আজ (সোমবার) সংবাদ সম্মেলনে সেই চিত্র তুলে ধরেছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক।
জাকের বলেন, “পরিবর্তনগুলো এত দ্রুত বলা সম্ভব নয়। মাত্র দুই-তিন দিন হলো উনার সঙ্গে কাজ করছি। স্কিল ডেভেলপমেন্টেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সামনে নেদারল্যান্ডস সিরিজে আরও উন্নতভাবে কাজ করা যাবে। একটু সময় লাগবে, তবে যেসব কৌশল নিয়ে কাজ করা হচ্ছে, সেগুলো ভবিষ্যতে কাজে দেবে বলেই বিশ্বাস।”
লোয়ার মিডলঅর্ডারে খেলা জাকের আলী স্লগ ওভারে ব্যাট হাতে দ্রুত রান তোলার কাজটিই করে থাকেন। এশিয়া কাপ সামনে রেখে সেই জায়গায় আলাদা কাজ করছেন বলেও জানান তিনি।
“স্লগ ওভারে আলাদা পরিকল্পনা থাকেই। তবে এটা এমন এক পজিশন, যেখানে সবসময় সুযোগ আসে না। তবে আমরা অনুশীলনে সব ধরনের প্রস্তুতি রাখছি,” বলেন জাকের।
ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে জাকের বলেন, “টি-টোয়েন্টিতে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করাটা কঠিন। সব সময় পজিশন বদলায়। পাঁচে নামলে বড় রান, আর ছয়ে বা সাতে নামলে কম বলে বেশি রান করার চেষ্টা থাকে। এটাই মূলত আমার লক্ষ্য।”
এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। টাইগারদের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

