ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করে এখন থেকে এটি পরিচিত হবে ‘ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)’ নামে। সোমবার (১৮ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
নাম পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে জানানো হয়—প্রদর্শনীতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণ ক্রমেই কমে আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহার করে স্থানীয় এজেন্টরা অংশ নিচ্ছেন, যার ফলে পণ্যের গুণগতমান যাচাই কঠিন হয়ে পড়ছে। এতে মেলার আন্তর্জাতিক ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সভায় জানানো হয়, ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক মেলা হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের বাস্তবতায় এখন সেটি কার্যত স্থানীয় মেলায় পরিণত হয়েছে। ক্রমাগত বিদেশি ব্র্যান্ডের অনুপস্থিতিতে মেলার মূল উদ্দেশ্য—আন্তর্জাতিক প্রযুক্তি ও গুণগত পণ্য বিনিময়—ব্যাহত হচ্ছে।
ফলে, নতুন নামের মাধ্যমে একটি বাস্তব ও স্বচ্ছ বার্তা দিতে চায় আয়োজক প্রতিষ্ঠান। নতুন নাম হবে—‘ঢাকা বাণিজ্য মেলা (DTF)’, যাতে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা মেলার প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
এছাড়াও সভায় ২০২৫-২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং এমসিসিআই সভাপতি কামরান তানভীর রহমান।

