‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’ এর বিরুদ্ধে চলমান আন্দোলনে দাপ্তরিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং সহকর্মীদের উসকানি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা:
১. চাঁদ সুলতানা চৌধুরানী – পরিচালক, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল
২. সেহেলা সিদ্দিকা – অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট
৩. সুলতানা হাবীব – অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-০৭
4. মো. মেসবাহ উদ্দিন খান – যুগ্ম কর কমিশনার, ফরিদপুর কর অঞ্চল
5. মো. মামুন মিয়া – যুগ্ম কর কমিশনার, দিনাজপুর কর অঞ্চল
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ মে ঘোষিত রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবিতে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা আন্দোলন শুরু করেন। এ সময় সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ কর্মকর্তা দাপ্তরিক কার্যক্রম ব্যাহত করেন এবং অন্যদের রাজস্ব ভবনে এসে আন্দোলনে অংশ নিতে উৎসাহ দেন।
এতে দেশের রাজস্ব আহরণ কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে, যা সরকারের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
বরখাস্ত আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাময়িক বরখাস্তকালীন তারা সরকারি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে।
এর আগে একই দিন দুপুরে কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চারজন কর্মকর্তাকেও একই অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, সরকার ও এনবিআর শৃঙ্খলা ভঙ্গ, আন্দোলনের নামে দায়িত্বহীন আচরণ এবং রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটানোকে মোটেও সহনশীলতার মধ্যে আনছে না। এর ফলে অন্যান্য কর্মচারীদের মাঝেও বার্তা যাচ্ছে যে, প্রশাসনিক দায়িত্ব পালনে গাফিলতি বরদাশত করা হবে না।

