বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শান্তির বিনিময়ে ভূখণ্ড ছাড়? রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগ

ডেস্ক রিপোর্ট।।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে উভয়পক্ষকে কিছু ছাড় দিতে হবে—এমন বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য শর্ত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যে উঠে এসেছে বিতর্কিত এক প্রস্তাব: ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে হবে।

রবিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে লেখেন, “ইউক্রেনকে প্রস্তুত থাকতে হবে কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে। অন্যথায় যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তারা তত বেশি হারাবে।” ট্রাম্পের এই মন্তব্যের পরপরই পররাষ্ট্রমন্ত্রী রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “শান্তিচুক্তি তখনই সম্ভব, যখন উভয়পক্ষ কিছু ছাড় দিতে রাজি থাকবে। নয়তো সেটা হবে আত্মসমর্পণ, শান্তি নয়।”

এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও মার্কিন প্রশাসন মনে করছে, পুতিন এখন কিছুটা নমনীয় অবস্থানে রয়েছেন।

১৮ আগস্ট দিনভর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হয় ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে। বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা, পশ্চিমা জোটের কৌশল এবং সম্ভাব্য শান্তি-প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনের জন্য বিষয়টি সহজ নয়। কিয়েভ বহুবার বলেছে, তারা তাদের সার্বভৌম ভূখণ্ড থেকে এক ইঞ্চিও ছাড় দেবে না। তবে দীর্ঘমেয়াদি যুদ্ধ, মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মঞ্চে শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ বাড়ছে।

রুবিও বলেন, “সীমা রেখা কোথায় টানা হবে, তা নির্ভর করছে পুতিন ও জেলেনস্কির আলোচনার ওপর। যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো দুই পক্ষের মধ্যে কার্যকর সংলাপ নিশ্চিত করা।”

বিশ্লেষকরা বলছেন, এমন সময় এই শান্তি প্রচেষ্টা সামনে এল, যখন যুদ্ধ ইউরোপীয় নিরাপত্তা, জ্বালানি ও বৈশ্বিক খাদ্য সরবরাহে বড় প্রভাব ফেলেছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ বন্ধে বাস্তববাদী সমাধান খুঁজে বের করার চেষ্টা ক্রমেই বাড়ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন