রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কানাডায় নাচের তালে ফোবানা মাতাবেন জায়েদ খান

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান এবার প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘ফোবানা সম্মেলনে’। আগামী ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত কানাডার মন্ট্রিয়েলে অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী এই জমকালো আয়োজনে ৩১ আগস্ট পারফর্ম করবেন তিনি।

জায়েদ খান জানিয়েছেন, এই আয়োজনে পারফর্ম করার সুযোগ পাওয়া তার জন্য এক ধরনের সম্মানের বিষয়। এর আগেও তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছেন, তবে মন্ট্রিয়েলে ফোবানার মঞ্চে এটি হবে তার প্রথম উপস্থিতি।

জায়েদ বলেন, ‘ফোবানা শুধু একটা উৎসব নয়, এটা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও প্রবাসী বাঙালির আবেগের বহিঃপ্রকাশ। আমি চেষ্টা করবো আমার পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে।’

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ফোবানায় যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নিচ্ছেন বাঙালি শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠন। থাকছে নাটক, নৃত্য, গান, বইমেলা ও প্যানেল আলোচনা।

উল্লেখ্য, ফোবানা (Federation of Bangladeshi Associations in North America) প্রতিবছরই বিভিন্ন শহরে প্রবাসী বাঙালিদের মিলনমেলা হিসেবে আয়োজন করে থাকে। এটি উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন