দীর্ঘদিন মধ্যপ্রাচ্যনির্ভর অদক্ষ শ্রমবাজারে সীমাবদ্ধ থাকার পর এখন ইউরোপ ও পূর্ব এশিয়ার উন্নত দেশগুলোতে দক্ষ শ্রমিক পাঠানোর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে সাংবাদিকদের তিনি বলেন, “এখন শুধু গালফ নয়, আমরা ইউরোপ, জাপান ও কোরিয়ার মতো দেশগুলোতে দক্ষ কর্মী পাঠানোর কার্যক্রম জোরদার করেছি। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।”
যে দেশগুলোতে নতুন চুক্তি হয়েছে:
-
ইউরোপ: সার্বিয়া, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা
-
মধ্যপ্রাচ্য: ওমান
-
আফ্রিকা ও এশিয়া: মরিশাস, ইরাক
-
পূর্ব এশিয়া: দক্ষিণ কোরিয়ার একটি প্রদেশের সঙ্গে সিজনাল কর্মী চুক্তি
আসিফ নজরুল বলেন, “এক সময় শুধু অদক্ষ শ্রমিকদের ওপর নির্ভর করে প্রবাসী আয়ের আশায় থাকতাম। অনেকেই প্রতারিত হতেন। কিন্তু এখন দক্ষ জনবল পাঠিয়ে দীর্ঘস্থায়ী ও সুরক্ষিত কর্মসংস্থান নিশ্চিত করার দিকে আমরা অগ্রসর হচ্ছি।”
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। আগের সরকারের সঙ্গে করা চুক্তির আলোকে কেয়ারগিভারদের ৬ মাসের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে পাঠানো হচ্ছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্য থেকে আটক বাংলাদেশিদের মুক্ত করার পাশাপাশি সেখানে শ্রমিক সুরক্ষা জোরদারে আইন সহায়তা ও ল-ফার্ম চালু করার কথাও জানান উপদেষ্টা।
রেমিট্যান্স পাঠানো সহজ করতে প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে। প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি।
“শুধু কর্মী পাঠানো নয়, তাদের অধিকার, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য”— বলেন আসিফ নজরুল।
বিশ্লেষকদের মতে, দক্ষ শ্রমিক পাঠানো ও বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে সরকারের এ পদক্ষেপ অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।

