সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নতুন অর্থবছরের শুরুতেই লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রাজস্ব বোর্ড, আয় বেড়েছে শুধু ভ্যাটে

ডেস্ক রিপোর্ট।।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের জুলাই মাসে এনবিআরের মোট রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১০ কোটি টাকা। তবে আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা, ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৮৬২ কোটি টাকা।

বুধবার (২০ আগস্ট) এনবিআর থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব তথ্য উঠে আসে।

তথ্য অনুযায়ী, সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে মূসক (ভ্যাট) খাতে। জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৫ শতাংশ।

তবে হতাশাজনক চিত্র রয়েছে আয়কর ও শুল্ক খাতে।

  1. আয়করে লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ২১২ কোটি টাকা, আদায় হয়েছে মাত্র ৬ হাজার ২৯৫ কোটি টাকা।

  2. শুল্কে লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ১৫০ কোটি টাকা, আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা।

যদিও গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের একই সময়ে রাজস্ব আদায়ে মোট প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৪ দশমিক ৩৩ শতাংশ, তবুও এনবিআর নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের শেষ দিকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে রাজস্ব ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হয়েছিল। চলতি অর্থবছরের শুরুতে সেই আন্দোলনের রেশ কাটলেও কাঙ্ক্ষিত গতিতে ফিরতে পারেনি রাজস্ব সংগ্রহ। বিশেষ করে জুন মাসে যেখানে সাধারণত রাজস্ব আদায় বাড়ে, এবার তাও হয়নি।

রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, “সবচেয়ে বেশি রাজস্ব এসেছে স্থানীয় পর্যায়ের ভ্যাট খাত থেকে। আয়কর ও শুল্কে তুলনামূলক দুর্বলতা থাকলেও সামগ্রিক প্রবৃদ্ধির হার আশাব্যঞ্জক।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন